নিজস্ব প্রতিবেদক | মোহনগঞ্জ (নেত্রকোনা) ০৩ জুলাই ২০২৬ ০৫:২৬ পি.এম
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে আজ শুক্রবার (৩ জুলাই) নেত্রকোনার মোহনগঞ্জ সফরে যাচ্ছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দুই প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে মোহনগঞ্জ ও হাওরাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন দুই প্রতিমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফর উপলক্ষে প্রশাসন ও স্থানীয় পর্যায়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং একাধিক উন্নয়নমূলক ও জনসম্পৃক্ত কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টায় দুই প্রতিমন্ত্রী মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্ত করবেন। পরে তেঁতুলিয়া ট্রলারঘাটসংলগ্ন এলাকায় আরও একটি পোনা অবমুক্ত কর্মসূচিতে অংশ নেবেন। হাওরের দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এরপর তারা মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন, ডাকবাংলো এবং মোহনগঞ্জ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়ক পরিদর্শন করবেন। পাশাপাশি বারহাট্টা ও নেত্রকোনা রেলওয়ে স্টেশনও পরিদর্শন করবেন। সফরের একপর্যায়ে নেত্রকোনা সার্কিট হাউসে অবস্থান শেষে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বর্তমানে বিএনপির প্রচার সম্পাদক এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য। অপরদিকে রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা-৯ আসনের সংসদ সদস্য। তার পূর্বপুরুষের বাড়ি মোহনগঞ্জ উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে হওয়ায় এ সফর স্থানীয়দের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণয়েন বলেন, “স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আমন্ত্রণে দুই প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে হাওরাঞ্চলের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করছি, তাদের এ সফরের মাধ্যমে হাওরাঞ্চলের জেলে ও মৎস্যনির্ভর মানুষের উন্নয়নে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “হাওর দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার হলেও দীর্ঘদিন ধরে কারেন্ট জাল, খনা জাল ও চায়না জালের অবাধ ব্যবহারের কারণে দেশীয় মাছের অনেক প্রজাতি বিলুপ্তির পথে। আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ নেই। পরিকল্পিতভাবে পোনা অবমুক্ত, প্রজননক্ষেত্র সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার বন্ধ করা গেলে হাওরে বছরে শত শত কোটি টাকার মাছ উৎপাদন সম্ভব হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, দুই প্রতিমন্ত্রীর এই সফর শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং হাওরাঞ্চলের যোগাযোগব্যবস্থা, মৎস্যসম্পদ সংরক্ষণ, রেল যোগাযোগের উন্নয়ন এবং সামগ্রিক অবকাঠামো উন্নয়নে কার্যকর সিদ্ধান্ত ও নতুন উদ্যোগ গ্রহণের পথ সুগম করবে।
বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জ সফরে দুই প্রতিমন্ত্রী
মদন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অদিত্য পোদ্দার সরকারি অফিস সময় ফাঁকি দিয়ে রোগী দেখেন প্রাইভেট ক্লিনিকে।
গফরগাঁওয়ে সংস্কৃতি প্রতিমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা
জুয়ারি ও মাদকাসক্ত ছেলের কবল থেকে বাঁচতে চান বকশীগঞ্জের অসহায় বিধবা মা বাবিরন বেগম
১৮ বছর বয়সে দ্বিতীয়বার উমরাহ পালন করলেন আটপাড়ার তরুণ নাইমুল ইসলাম